নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে চলমান বিধিনিষেধ অকার্যকর হয়ে যাওয়ায় আরও কঠোর অবস্থানে গেল সরকার।
আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এটাকে সরকার কঠোর লকডাউন বললেও পরিচিতি পেয়েছে শাটডাউন হিসেবে।
শুক্রবার (২৫ জুন) তথ্য অধিদফতের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে।
জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। এ বিষয়ে বিস্তারিত আদেশ শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও জানান তিনি।
