নজর২৪, শরীয়তপুর- শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এলপিজি গেট এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলার পর আদালতে পাঠিয়েছে জাজিরা থানা পুলিশ।
বুধবার রাত আড়াইটার দিকে মাঝিরঘাট সংলগ্ন সেনাবাহিনীর টহল সদস্যরা তাকে আটক করেন।
তদন্ত কর্মকর্তা মিন্টু মণ্ডল জানান, ‘রাত আড়াইটার দিকে পদ্মা সেতু এলাকায় সন্দেহভাজন ওই ব্যক্তি ঘোরাফেরা করলে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার ভাষা এবং চালচলন সন্দেহজনক হওয়ায় জাজিরা থানায় তাকে হস্তান্তর করে তারা।’
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ করলে ওই ব্যক্তি হিন্দীতে কথা বলেন। যতটুকু বোঝা গেছে, ৪২ বছর বয়সী ওই আসামির নাম বিজয় কুমার রায়।
মিন্টু মণ্ডল বলেন, ‘এসআই অপু বড়ুয়া বাদি হয়ে তার বিরুদ্ধে জাজিরা থানায় বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করছেন। এর দুই ঘণ্টার ব্যবধানে অভিযোগপত্র দাখিল করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘গভীর রাতে জাজিরার পদ্মা সেতু প্রকল্প এলাকা ঘোরার সময় বিজয়কে কাগজপত্র ছাড়াই আটক করেন কয়েকজন সেনা সদস্য। পরে আজ তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।’
তিনি বলেন, ‘বিজয়ের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। পুলিশের অভিযোগপত্রে পাঁচ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয়েছে।’
ওসি আরও জানান, তদন্তে জানা যায়- বিজয় ভারত থেকে এসেছেন। তবে, বাংলাদেশে এসে তার পদ্মা সেতু প্রকল্প পরিদর্শনের কারণ জানা যায়নি।
আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি বিজয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক হাজার টাকা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
