স্পোর্টস আপডেট ডেস্ক- কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার পরিসংখ্যান রীতিমতো অবিশ্বাস্য। চলতি আসর শুরুর আগে মহাদেশীয় এই টুর্নামেন্টে প্যারাগুয়ের সঙ্গে খেলা ২২ ম্যাচের একটিতেও হারেনি আলবিসেলেস্তেরা।
এবার সেই রেকর্ড ২৩-এ উন্নীত করলেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। ব্রাজিলের গারিঞ্চা মানে স্টেডিয়ামে কোপার গ্রুপপর্বের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারাল আর্জেন্টিনা। আলেজান্দ্রো দারিও গোমেজের গোলে জয়টি পেয়েছে তারা। আর তাতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়ে গেছে মেসিদের।
আর্জেন্টিনা দলে একটা পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছিল। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচ থেকে শুরুর একাদশে ৬ পরিবর্তন আনেন স্ক্যালোনি। ওতামেন্দি, আকুইনার জায়গায় ছিলেন ত্যাগলিয়াফিকো ও পেজেল্লা। মিডফিল্ড থেকে দে পল ও লো সেলসোকে ড্রপ করে সুযোগ দেওয়া হয় গোমেজ ও পেরেদেসকে। আক্রমণেও ছিল দুই পরিবর্তন। লাউতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসের জায়গায় দি মারিয়া ও সের্হিয়ো আগুয়েরোকে বেছে নেন কোচ।
পরিবর্তনের পরেও শুরু থেকে ভীষণ আত্মবিশ্বাসী দেখা গেছে মেসিদের। খেলার ধারায় ৮ মিনিটে সবচেয়ে সুবর্ণ সুযোগটি মিস করেন আগুয়েরো। প্যারাগুয়ের খেলোয়াড়দের ভুলে বক্সের ভেতরে বল পেয়ে গিয়েছিলেন আগুয়েরো। গোলকিপারকে একা পেয়েও তিনি বল মেরে দেন পোস্টের ওপর!
তবে ১০ মিনিটে কোনও ভুল করেননি আলেহান্দ্রো গোমেজ। শুরুতে মিডফিল্ড থেকে বল নিয়ে ক্ষীপ্র গতিতে দৌড় দিয়েছিলেন মেসি। ডানপ্রান্তে তিনি পাস দেন দি মারিয়াকে। প্যারাগুয়ে খেলোয়াড়কে কাটিয়ে পেনাল্টি এরিয়ায় দেওয়া তার থ্রু বল ধরেই জাল কাঁপান গোমেজ। ১৮ মিনিটে ক্লোজ রেঞ্জ থেকে ফ্রি কিক নিলেও লক্ষ্য বরাবার রাখতে পারেননি মেসি।
আক্রমণে গিয়েছিল প্যারাগুয়েও। ২৬ মিনিটে সুযোগ তৈরি করেও এসপিনোলা শট নেন লক্ষ্যের অনেক বাইরে। ৪৫+১ মিনিটে প্যারাগুয়ের আত্মঘাতী গোলে ব্যবধান ২-০ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। কিন্তু প্রারম্ভিক শটের সময় দি মারিয়া অফসাইড পজিশনে থাকায় ভিডিও রিভিউতে বাতিল করা হয় সেই গোল!
দ্বিতীয়ার্ধের শেষ দিকে প্যারাগুয়ে আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছিল মেসিদের। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বাম প্রান্তে আলমিরোন ত্রাস ছড়ালেও আর্জেন্টাইন ডিফেন্সের দৃঢ়তায় সফল হতে পারেননি। যোগ হওয়া সময়ে ফ্রি কিক থেকে মেসি শট নিলেও সেটি রুখে দেন প্যারাগুয়ে গোলরক্ষক।
এই জয়ে গ্রুপ-এর শীর্ষে পৌঁছাল আর্জেন্টিনা। পরের রাউন্ডে যাওয়াও নিশ্চিত তাদের। আপাতত এক সপ্তাহের বিশ্রাম তাদের। মেসিরা ফিরছেন আর্জেন্টিনায় দলীয় ক্যাম্পে।
ব্রাজিলে করোনাভাইরাস মহামারির কারণে নিজ নিজ দেশে ক্যাম্প করছে দলগুলো। ম্যাচের দিন সকালে তারা পৌঁছাচ্ছে ব্রাজিলের ভেন্যুতে।
নিজেদের শেষ ম্যাচে ২৯ জুন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসির দল। আর বৃহস্পতিবার চিলির বিপক্ষে খেলবে প্যারাগুয়ে।
