Home আন্তর্জাতিক গাজায় আবারও বিমান হামলা চালালো ইসরায়েল

গাজায় আবারও বিমান হামলা চালালো ইসরায়েল

0
74

আন্তর্জাতিক ডেস্ক- ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিন থেকে আগুন বেলুন ছোড়ার পাল্টা জবাবে এ হামলা চালায় তারা। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

 

পরে এক বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী জানায়, গাজা সীমান্ত থেকে অন্তত ২০টি আগুন বেলুন ছোড়া হয় ইসরায়েলে। এর প্রতিবাদে এ হামলা চালায় তারা। দখলদার বাহিনীর দাবি, হামাসকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

 

ফিলিস্তিনিদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণের খান ইউনিস শহরের কমপক্ষে একটি এলাকায় হামলা হয়েছে।

 

বার্তা সংস্থা রয়টার্সকে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের এক মুখপাত্রা। তিনি জানান, জেরুজালেমে নিজেদের অধিকার ও পবিত্র ভূমি রক্ষায় সাহসী প্রতিরোধ অব্যাহত রাখবেন তারা।

 

২১ মের অস্ত্রবিরতির পর গাজায় ইসরায়েলি সেনাদের সহিংসতা থেমে থেমে চললেও প্রথম বড় হামলার ঘটনা এটাই।

 

এর আগে ২০ মে পর্যন্ত ১১ দিনের সহিংসতায় উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয় ৬৬ শিশুসহ ২৫৩ ফিলিস্তিনি। গৃহহীন হয় এক লাখের বেশি মানুষ। হামাসের পাল্টা রকেট হামলায় নিহত হয় ১৩ ইসরায়েলি।

 

নেতানিয়াহু পরবর্তী ইসরায়েলে ডানপন্থি জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জোট সরকারের আমলে গাজায় ইহুদিবাদীদের প্রথম সামরিক অভিযান এটি।

 

ইসরায়েলি বিমান হামলার কয়েক ঘণ্টা আগে পতাকা হাতে ইসরায়েলিরা জেরুজালেমের পুরনো শহরের দামেস্ক গেটে জড়ো হয়। সেখান থেকে তারা ইহুদিনের পবিত্র পশ্চিম দেয়ালে মিছিল নিয়ে যায়। এতে ফিলিস্তিনিরা ক্ষোভ ও নিন্দা জানায়।

 

এর আগে পূর্ব জেরুজালেমে ইসরায়েলি জাতীয়তাবাদীদের পতাকা মিছিল নিয়ে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিল হামাস। মিছিলের আগে ইসরায়েলের সেনাবাহিনী নিজেদের সতর্কতা বাড়িয়েছিল। সম্ভাব্য ফিলিস্তিনি রকেট হামলার মোকাবিলায় আকাশ প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমও মোতায়েন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here