নজর২৪, ঢাকা- ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ (৬৫) ও তুহিন সিদ্দিকী অমিসহ (৩৩) পাঁচজনকে আসামি করে ডিএমপির বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
সোমবার (১৪ জুন) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর আলম। মামলার বাকি তিন আসামিরা হলেন লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
পুলিশ সূত্র বলছে, এ মামলায় আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করে তাঁদের আজ মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করবে পুলিশ।
গতকাল বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আসামিদের গ্রেপ্তারে নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান।
উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ ছয়জনের বিরুদ্ধে সোমবার সকালে সাভার থানায় মামলা করেন। সেই মামলায় আসামিদের গ্রেপ্তার করতে সকাল থেকেই রাজধানীর উত্তরা এলাকায় অভিযান শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।
গোয়েন্দারা নিশ্চিত হয় উত্তরা সেক্টর-১ নম্বরের একটি বাড়িতে অবস্থান করছেন প্রধান আসামি নাসির ইউ মাহমুদ। বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মামলার এজাহারভুক্ত আসামি অমিসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় আরও তিন নারীকে। জব্দ করা হয় দেশি-বিদেশ মদসহ মাদকদ্রব্য।
পুলিশ বলছে, এই বাসায় প্রতিদিন ডিজে পার্টির আয়োজন করতেন নাসির। উঠতি বয়সী তরুণীদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করানো হতো। বাড়িটিতে যাতায়াত ছিল অনেকের।
