জি-৭ জোটকে হুঁশিয়ারি দিলো চীন

আন্তর্জাতিক ডেস্ক- বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর জোট জি-৭ এর নেতাদের হুঁশিয়ার করে দিয়ে চীন বলেছে, অল্প কয়েকটি দেশ পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে, এমন ধারণা অনেক আগেই শেষ হয়ে গেছে। হাতেগোনা কয়েকটি দেশ পুরো বিশ্বকে শাসন করতে পারে না।

 

বিশ্বব্যাপী চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে পশ্চিমা দেশগুলোর পরিকল্পনার জবাবে রোববার (১৩ জুন) একথা জানায় দেশটি। খবর- বিবিসি’র

 

চীনের লন্ডন দূতাবাসের এক মুখপাত্র জানান, ‘অল্প কয়েকটি দেশ স্বৈরতান্ত্রিকভাবে পুরো বিশ্বের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা সবসময় বিশ্বাস করি যে, দেশ ছোট হোক বা বড়, শক্তিশালী হোক বা দুর্বল হোক; সবাই সমান। আর তাই বৈশ্বিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আলাপ-আলোচনার মাধ্যমেই সকল দেশের উচিত সিদ্ধান্ত নেওয়া।’

 

জি-৭ এর সদস্যদেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং জাপান। জানা গেছে, নিম্ন-মধ্যম আয়ের কোম্পানিগুলোকে উন্নত অবকাঠামো তৈরিতে সহায়তা করার পরিকল্পনা গ্রহণ করেছেন অর্থনৈতিক জোট জি-৭ এর সদস্য দেশগুলোর নেতারা। এবছর ইংল্যান্ডের কর্নওয়ালে অনুষ্ঠিত হচ্ছে জি-৭ সম্মেলন।

 

বিবৃতিতে জি-৭ নেতারা জানিয়েছেন, অবকাঠামো উন্নয়নের জন্য তারা মূল্যবোধ দ্বারা চালিত, উচ্চমানের এবং স্বচ্ছ অংশীদ্বারিত্বের প্রস্তাব দেবেন। তবে এই প্রকল্পের অর্থায়ন কীভাবে হবে তা এখনো পরিষ্কার নয়। এছাড়া আশা করা হচ্ছে, এবারের সম্মেলনে মহামারি মোকাবেলা নিয়েও একটি পরিকল্পনা ঘোষণা করবেন জি-৭ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *