Home প্রধান খবর বাংলা সিনেমায় ভিসি কলিমউল্লাহ, ভিডিও ভাইরাল

বাংলা সিনেমায় ভিসি কলিমউল্লাহ, ভিডিও ভাইরাল

0
51

নজর২৪ ডেস্ক- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ সম্প্রতি বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত-সমালোচিত। ভিসি হিসেবে ১৩ জুন, আনুষ্ঠানিকভাবে তার মেয়াদ শেষ হচ্ছে। এরই মধ্যে ভোর রাতে একটি ক্লাস নিয়ে সমালোচিত ও ট্রলের শিকার হয়েছেন তিনি। এসবের মধ্যেই নাজমুল আহসান কলিমউল্লাহ অভিনীত বাংলা সিনেমার একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

 

সিনেমার ওই দৃশ্যে ঢাকা পুলিশ কমিশনারের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। ভিডিওতে দেখা যায়, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শহরের গডফাদারদের ধরার জন্য পুলিশের অনান্য কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছেন।

 

একজন উপাচার্য হয়েও সিনেমায় অভিনয় করা নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন; পাশাপাশি অনেকে আবার বিষয়টি ইতিবাচকভাবে দেখেছেন। তবে সার্বিক বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ।

 

কলিমউল্লাহ বলেন, ফেসবুকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই সিনেমায় আমি প্রথম অভিনয় করি। ব্যাপক ব্যবসা সফল সিনেমা ‘শ্যুটার’, যেটি একসঙ্গে দেশব্যাপী ১৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শ্যুটার সিনেমায় আমি মূলত ঢাকার পুলিশ কমিশনারের চরিত্রে অভিনয় করি।

 

কোনও চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও পরিচালক যদি এমন প্রস্তাব দেন, তাহলে সানন্দে গ্রহণ করবো।

 

নিজের অভিনয় জীবনের ইতিহাস টেনে গণমাধ্যমকে কলিমউল্লাহ বলেন, তার শিক্ষাজীবন শুরু হয় বুলবুল ললিতকলা একাডেমিতে (পুরান ঢাকার আহসান মঞ্জিল সংলগ্ন ওয়াইজঘাটে)। সেখানে তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। সেখানে পড়তে গিয়ে তিনি অভিনয়সহ নাচ-গানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। পারিবারিক অনুপ্রেরণাও তার সঙ্গী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here