ক্ষমা চাইলেন সাকিব

স্পোর্টস আপডেট ডেস্ক- ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে আম্পায়ারের ওপর মেজাজ হারিয়ে লাথিতে স্টাম্প ভেঙে ফেলার ঘটনায় ক্ষমা চেয়েছেন সাকিব আল হাসান।

 

ঘটনা মোহামেডানের বেঁধে দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারের।

 

সাকিব বোলিংয়ে আসলে দ্বিতীয় বলে তাকে ছয় মারেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম, পরের বলেই চার। শেষ বলে অবশ্য মুশফিককে পরাস্ত করে তার প্যাড আঘাত হেনেছিল সাকিবের বল।

 

কিন্তু লেগ বিফোরের জন্য সাকিবের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আর তাতেই সাকিব লাথি মেরে ভেঙে ফেলেন বোলিং প্রান্তের স্টাম্প।

 

ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর বৃষ্টি নামলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করার। কিন্তু তা মানতে চাননি সাকিব। আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে ক্ষোভ দেখিয়ে বোলিং প্রান্তের তিনটি স্টাম্প তুলে মাটিতে ছুড়ে মারেন তিনি। রাগান্বিত ভঙ্গিতে তর্কও করতে থাকেন আম্পায়ারের সঙ্গে।

 

সাকিবের মতো এতবড় সুপারস্টার যখন এমন আচরণ করেন, সেটা তো অবাক করেই। এই ঘটনা নিয়ে এখন সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। অবশেষে সাকিব তার ভুলটা বুঝতে পেরেছেন। অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

 

ফেসবুকে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, আমি ক্ষমা চাচ্ছি, আমার মেজাজ হারানোর জন্য এবং ম্যাচটা সবার জন্য শেষ করে দেওয়ায়, বিশেষত যারা ঘরে থেকে খেলাটা দেখছিলেন। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়র এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।’

 

সাকিব যোগ করেন, ‘কিন্তু মাঝেমধ্যে কিছু কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিসিয়াল এবং আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *