বিএনপি নেতাদের নির্লজ্জ বক্তব্য শুনলে জনগণ হাসে: কাদের

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে—বিএনপি নেতাদের এমন ‘নির্লজ্জ’ বক্তব্য শুনলে ‘জনগণ হাসে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ের সময় বুধবার তিনি এ কথা বলেন।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে কটাক্ষ করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় যেতে রঙিন খোয়াব দেখছে বিএনপি। ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখছে।’

 

বিএনপি কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চায়?— এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিএনপির যেকোনো সহিংস তৎপরতা রুখে দেয়া হবে। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে সরকার সমুচিত জবাব দেবে।’

 

বিএনপি নিজেদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা দাবি করলেও ওবায়দুল কাদের তাদের কর্মকাণ্ডকে ‘বহুদলীয় তামাশা’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ২০০৬ সালে ১ কোটি ২৫ লাখ ভুয়া ভোটার দিয়ে বিএনপি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারতে চেয়েছিল।

 

তিনি বলেন, আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে হত্যা করেছে, বিএনপি নেতাদের এমন নির্লজ্জ বক্তব্য শুনলে জনগণ হাসে। হ্যাঁ-না ভোটের মাধ্যমে বিএনপিই গণতন্ত্রকে হত্যা করেছিল।

 

কাদের বলেন, বিচারপতিদের বয়স বাড়িয়ে বিএনপি দলীয় লোক কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিল বিএনপি। সেটাই বাংলাদেশে ওয়ান ইলেভেন সৃষ্টির মূল কারণ। সংবিধান সম্মতভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো যথাসময়ে নির্বাচন হবে। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *