Home প্রধান খবর মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মী গ্রেফতার

মালয়েশিয়ায় ৬২ বাংলাদেশি কর্মী গ্রেফতার

0
92

প্রবাসের কথা ডেস্ক- সাধারণ ক্ষমা ঘোষণার পরও অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযান শুরু করেছে মালয়েশিয়া সরকার। হঠাৎ ধরপাকড় অভিযান শুরু করায় দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে গ্রেপ্তার এড়াতে বহু বাংলাদেশি বনে জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।

 

স্থানীয় সময় রোববার (৬ জুন) রাত ১১টার দিকে মালয়েশিয়ার সাইবারজায়া এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির পুলিশ।

 

দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানায়, রয়েল মালয়েশিয়ার পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধনকরণ বিভাগ (জেপিএন), শ্রম বিভাগ (জেটিকে) এবং জন প্রতিরক্ষা বাহিনী (এপিএম) গ্রেফতার অভিযানে অংশ নেয়।

 

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, যেখানে অভিযান চালানো হয়েছে সেটা একটি নির্মাণ স্থাপনা। এর পাশের জায়গাটি বেড়া দেয়ায় তা সুরক্ষিত ছিল। ফলে জায়গাটি বেশ গোপন ছিল।

 

এই অভিযানে প্রায় ২০২ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেয়া হয়। বাকি ১৫৬ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়।

 

গ্রেফতারদের মধ্যে ৪২ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৬২ জন বাংলাদেশি, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তানি এক এবং ভারতের একজন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here