নজর২৪, ঢাকা- টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
আব্দুল মোমেন বলেন, ‘রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি হবে। তবে কখন হবে না হবে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লাইন করিয়ে দিয়েছি, বাকিটা স্বাস্থ্যমন্ত্রীর কাজ। ক্রয় ও যৌথ উৎপাদনের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’
টিকা নিয়ে চীনের সঙ্গে সম্পর্কের কোনো ঘাটতি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এখানে বাংলাদেশ ও চীন সরকার শুধুই ফ্যাসিলেটেড। টিকা তো সরবরাহ করবে বেসরকারি সংস্থা।
ড. মোমেন বলেন, আমাদের টিকা দরকার। বাংলাদেশ ও চীন সরকার কূটনৈতিকভাবে আলোচনা করে সম্মত হয়েছে যে, চীন আমাদের টিকা দেবে। তবে টিকা দেবে বেসরকারি সংস্থা। বেসরকারি কোম্পানি কী করে না করে সেটা তাদের সিদ্ধান্ত। তবে সেটা নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়।
চীনের সঙ্গে টিকা উৎপাদন সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই দেশ থেকে সরেজমিন পরিদর্শনের জন্য দল আসবে। তারা এসে সরেজমিন দেখে বিষয়টি চূড়ান্ত করবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই করোনার টিকা আসছে বলে জানিয়েছেন তিনি।
