নজর২৪, ঢাকা- প্রকাশ্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।
রাজধানীর বিজয় সরণিতে রোববার (৩০ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গাড়িতে থাকা পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (০১ জুন) পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ের মান্নান বলেন, রোববার সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।
“ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।“
পরিকল্পনামন্ত্রী বলেন, “গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।“
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মোবাইল ফোন খোয়ানোর বিষয়টি জানানোর কথা সাংবাদিকদের বলেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, ঘটনার পরে একটি মামলা দায়ের হয়েছে। এখনো ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত করছে।
