Home প্রধান খবর পাসপোর্টে পরিবর্তন হলেও ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহালই থাকছে

পাসপোর্টে পরিবর্তন হলেও ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা বহালই থাকছে

0
65

নজর২৪, ঢাকা- বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ লেখা থেকে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকু বাদ পড়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশি ই-পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ বজায় রাখার জন্য ওই অংশে এই পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে।

 

রোববার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বাংলাদেশি ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞার প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে দেয়া টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। মূলত বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকুর অনুপস্থিতির কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে।

 

‘আসলে বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ সরকার অবস্থান পরিবর্তন করেনি এবং এই দীর্ঘদিনের অবস্থানই ধরে রাখবে’—বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

 

পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে নেয়ায় ঢাকার প্রতি কৃতজ্ঞচিত্তে সন্তুষ্টি প্রকাশ করে তেলআবিব।

 

রোববার এক টুইটার বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-মহাপরিচালক গিলাড কোহেন এ সন্তোষ প্রকাশ করেন।

 

বাংলাদেশের পাসপোর্ট থেকে ৫০ বছরের মাথায় ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ তুলে দেয়াকে ‘অনেক বড় খবর’ বলে উল্লেখ করেন তিনি।

 

টুইট বার্তা তিনি বলেন, ‘অনেক বড় খবর। বাংলাদেশ ইসরায়েলেয়ের সঙ্গে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। এবার বাংলাদেশ ও ইসরায়েলেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে উভয় দেশের জনগণ লাভবান হবে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আমরা বাংলাদেশকে স্বাগত জানাচ্ছি।’

 

বাংলাদেশের পাসপোর্টে এতদিন ধরে লেখা থাকতো ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’ (এ পাসপোর্ট ইসরায়েল ছাড়া সকল দেশের জন্য প্রযোজ্য)। তবে নতুন ই-পাসপোর্টে এটি সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতেই এ সংশোধনী আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here