নজর২৪, ঢাকা- করোনাভাইরাস মোকাবিলায় আরেক দফা বিধিনিষেধের মেয়াদ বাড়লেও আগামীকাল থেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবে দূরপাল্লার বাস। একই সঙ্গে অর্ধেক যাত্রী নিয়ে চলবে লঞ্চ ও ট্রেন। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিধিনিষেধ আরও ৭ দিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়িয়ে আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মানতে হবে।
জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল করিম বলেন, সোমবার থেকে আন্তঃজেলা বাস-ট্রেন-লঞ্চ চলাচল করতে পারবে। তবে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং আসন সংখ্যার অর্ধেক যাত্রীর বেশি নেওয়া যাবে না।
চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার।
পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধ ছিল। ঈদেও লঞ্চ-ট্রেন এবং দূর পাল্লার বাস বন্ধ রাখা হয়েছিল।
