Home প্রধান খবর ফুল হাতে ওবায়দুল কাদেরের বাসায় কাদের মির্জা

ফুল হাতে ওবায়দুল কাদেরের বাসায় কাদের মির্জা

0
109

নজর২৪, ঢাকা- সম্পর্কের টানাপোড়েন শেষে অবশেষে এক সাথে হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সম্পর্কে তারা আপন দুই ভাই।

 

শনিবার (২২ মে) বিকেল ৪টার দিকে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করতে তার বাসায় যান ছোট ভাই কাদের মির্জা।

 

এ সময় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আবদুল কাদের। এরপর তারা বৈঠক বসেন।

 

এ বিষয়ে বিকালে মেয়র আবদুল কাদের মির্জা গণমাধ্যমকে বলেন, মন্ত্রী মহোদয়ের সঙ্গে কোম্পানীগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে। তিনি আমাকে সংকট নিরসনে কিছু নির্দেশনা দিয়েছেন। এছাড়াও আমার ছোট ভাই শাহাদাত হোসেন শারীরিকভাবে অসুস্থ। তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

 

পরে নিজের ফেসবুক পেজে ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাতের একটি ছবি পোস্ট করে আব্দুল কাদের মির্জা লেখেন, ‘আমার পিতৃতুল্য সহোদর বড় ভাই, বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক, যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন।

 

বাংলাদেশের মন্ত্রিপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন। আমরা সর্বদা রাজনীতি করেছি জনগণ ও জনকল্যাণের জন্য। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের জন্য নিজেদের নিয়োজিত রাখবো।’

 

তিনি আরও লেখেন, ‘মানুষের মান অভিমানের মধ্যে মানবজীবন রচিত হয়। আপনজনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনও স্থায়ী হতে পারে না। সকল গ্লানি ভুলে শান্তির কোম্পানীগঞ্জ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে একত্রিত হতে আহ্বান জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here