ঘূর্ণিঝড় ‘ইয়াস’: সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

নজর২৪, ঢাকা- আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

 

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

শনিবার (২২ মে) আবহাওয়া অফিস আরও জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

 

বর্তমানে লঘুচাপটির বায়ুর গতিবেগ ঘণ্টায় ৩০-৩৫ কিমি, সর্বোচ্চ বায়ুর ঝাপটা ঘণ্টায় ৪৫-৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

 

এর ফলে সাগর এলাকায় ইতিমধ্যেই প্রচুর মেঘ সঞ্চার ঘটেছে। লঘুচাপটি আগামী ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে ও আগামী ১৬-২০ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

 

আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সবশেষ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে আগামী বুধবারের দিকে বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে।

 

বাংলাদেশে ‘ইয়াস’ এর প্রভাব থাকবে বলে জানালেন আবহাওয়াবিদ শাহীনুল। তিনি বলেন, ‘এই ঝড়টি মূলত পশ্চিমবঙ্গ ও আমাদের দেশের উপকূলে আঘাত আনবে। আমাদের এখানে আসার সম্ভাবনা রয়েছে। আমরা আজ দুপুর ২টায় লঘুচাপের কথা বলেছি। এটি ইতোমধ্যে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে নিম্নচাপে পরিণত হবে।’

 

এর আগে আবহাওয়া অধিদপ্তরের আরেক আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ‘২২ মে লঘুচাপ সৃষ্টির পর ২৪ মের দিকে একটা সাইক্লোন হতে পারে। এরপর ২৫ তারিখ মধ্যরাত বা ২৬ তারিখ সকাল নাগাদ এটা উপকূল অতিক্রম করবে।

 

‘তবে সঠিকভাবে কোন উপকূল দিয়ে এটি অতিক্রম করবে, তা আর একটু সময় না গেলে বলা যাবে না। এটা হতে পারে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে। আবার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়েও বয়ে যেতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *