আন্তর্জাতিক ডেস্ক- পাকিস্তানে ফিলিস্তিনিদের পক্ষে একটি মিছিলে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ছয়জন।
দেশটির বেলুচিস্তান প্রদেশে শুক্রবার বিকেলে আয়োজিত মিছিলটির পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বেঁধে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। মিছিলটি শেষ হওয়ার কিছু সময় আগে এ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৭ জন।
সংবাদমাধ্যম আল-জাজিরা ও ডনের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
বেলুচিস্তানের চামান জেলা সদরের মুরগি বাজার নামক স্থানে ধর্মভিত্তিক আঞ্চলিক দল জামায়েত উলেমা-ই-ইসলাম-নাজারায়েতি (জেইউআই) আয়োজন করেছিল এ মিছিল।
প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানান, আহতদের ১০ জনকে চামানের সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদের পাঠানো হয় কোয়েটায়।
তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় জেইউআইয়ের শীর্ষ নেতা আবদুল কাদের লুনি ও কারি মেহেরুল্লাহ অক্ষত রয়েছেন। বিস্ফোরণের ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।
স্থানীয় পুলিশ প্রধান জাফর খান টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল।
মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি।
