সাংবাদিক রোজিনা ইসলামের জামিন শুনানি শেষ, আদেশ পরে

নজর২৪, ঢাকা- সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। তবে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছেন বিচারক।

 

বৃহস্পতিবার দুপুর একটার দিকে ভার্চুয়াল আদালতে শুরু হয় শুনানি। প্রায় এক ঘণ্টা শুনানি শেষে পরে আদেশ দেয়ার কথা জানান ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম বাকী বিল্লাহ।

 

রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত যত শিগগির সম্ভব আদেশ দেবেন বলেছেন। দুএকদিনের মধ্যেই আদেশ হতে পারে। আদালত সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

 

আদালতে শুনানি শুরু করেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার ও এহসানুল হক সমাজীসহ আরও অনেকে।

 

এর আগে মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে জামিন শুনানির জন্য আজ (২০ মে) দিন ধার্য করেন।

 

ওইদিন শাহবাগ থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত কেন্দ্রীয় মহিলা কারাগারে রাখা হয়।

 

মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করেন।

 

এদিকে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক বলেন, মামলাটির তদন্তভার তাঁরা পেয়েছেন। এখন তাঁরা শাহবাগ থানা থেকে নথিপত্র বুঝে নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *