সব রেকর্ড ভেঙে চুরমার, ভারতে একদিনেই ৪১৮৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক- বিশ্বজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতে এ রোগে মৃত্যুর হিসেবে নতুন রেকর্ড করেছে ভারত। শুক্রবার দেশটিতে মারা গেছেন ৪ হাজার ১৮৭ জন করোনা রোগী।

 

ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ও আন্তর্জাতিক পরিসংখ্যানগুলোর তথ্য বলছে, গত বছর মহামারি শুরুর পর থেকে কোনো দেশে এই রোগে একদিনে এর আগে এত বেশি সংখ্যক মৃত্যু হয়নি।

 

শনিবার (৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ৪ হাজার ১৮৭ জন করোনা রোগী, আর এ রোগে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১ হাজার ৩২৬ জনে। দেশটির বিভিন্ন রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন।

 

এমন বাস্তবতায় শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ ব্যবস্থা নিলে ভারতে না-ও আসতে পারে করোনার তৃতীয় ধাক্কা।

 

এদিকে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত কয়েক দিনে লকডাউন ও কারফিউ জারি করেছে বেশ কিছু রাজ্য। এ তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে তামিলনাড়ু, কর্ণাটক ও মনিপুর।

 

কর্ণাটকে ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত দুই সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ু রাজ্য সরকার দুই সপ্তাহের কারফিউ ঘোষণা করেছে। মনিপুরে কারফিউ থাকবে ১৭ মে পর্যন্ত।

 

ভারতে চলতি বছরের জানুয়ারিতে কমতে থাকে করোনা শনাক্তের সংখ্যা। মার্চের শুরুর দিক পর্যন্ত দেশটিতে দৈনিক শনাক্ত ছিল ২০ হাজারের নিচে। কিন্তু এপ্রিলে প্রায় ৬৬ লাখ মানুষের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়।

 

এমন পরিস্থিতিতে ভেঙে পড়ার উপক্রম হয় ১৩৩ কোটি মানুষের দেশটির স্বাস্থ্যব্যবস্থা।

 

সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতে প্রতিনিয়ত বাড়তি রোগীর চাপ সামলাতে হচ্ছে হাসপাতালগুলোকে। দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট।

 

হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের আদালত ও সুপ্রিম কোর্ট প্রায় প্রতিদিনিই বিভিন্ন আদেশ ও নির্দেশনা দিচ্ছে।

 

দিল্লিতে দৈনিক ৭০০ টন অক্সিজেন সরবরাহ করতে শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রতি নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এর কয়েক ঘণ্টা পর কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, অক্সিজেনের তীব্র সংকট কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *