নজর২৪, ঢাকা- আগামী ঈদুল ফিতরের সময় শিল্প-কারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে বলেও জানান তিনি।
সচিব বলেন, আগামী ১৪ মে শুক্রবার ঈদ হতে পারে। সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো বন্ধ দেওয়া যাবে না। ঈদের ছুটি তিন দিন, এর মধ্যে দুদিন পড়েছে শুক্র ও শনিবার।
সরকারি অফিস বন্ধ থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে, সেগুলো সেভাবেই থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী চলমান লকডাউন বাড়ানো হয়েছে ১৬ মে পর্যন্ত, যার অর্থ এবারের রোজার ঈদ কাটবে লকডাউনের মধ্যে।
‘আজকের সিদ্ধান্ত হয়েছে যে লকডাউন যেটা আছে, ঈদ তো ১৪ তারিখ, ১৬ তারিখ পর্যন্ত এভাবে কন্টিনিউ করবে।’
আর গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট চলাফেরা করতে পারবে। ৬ তারিখ থেকে গণপরিবহন চলবে। আন্তজেলা পরিবহন বন্ধ থাকবে।
‘মানে হলো কেউ চট্টগ্রাম যেতে হলে চার-পাঁচবার গাড়ি পরিবর্তন করতে হবে। লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। যেহেতু এগুলো আন্তজেলা পরিবহন করে সুতরাং ওগুলোও বন্ধ থাকবে।’
