নজর২৪ ডেস্ক- অতিরিক্ত পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পেয়েছেন জাহিদুল ইসলাম-শামীমা সিলমি দম্পতি। রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতি পান তারা।
সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে ছেলে এবং পুত্রবধূ একই সঙ্গে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হওয়ায় খুশিতে আত্মহারা জাহিদুল ইসলামের বাবা আবদুল হাই। এ জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারের প্রতি।
৩৩তম বিসিএসের কর্মকর্তা জাহিদুল ইসলাম বর্তমানে কর্মরত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার হিসেবে। আর একই বিসিএসের কর্মকর্তা শামীমা সিলমি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন বিশেষ শাখায় (এসবি)।
দুই সন্তানের জনক জাহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আবদুল হাইয়ের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে জাহিদ সবার বড়।
বরগুনার কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও বরিশাল বিএম কলেজ থেকে ২০০৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন জাহিদুল ইসলাম। এরপর ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে।
অন্যদিকে মাদারীপুরে মেয়ে সিমলি ২০০৫ সালে এসএসসি ও ২০০৭ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকার ধানমন্ডির ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। দুই ভাই ও এক বোনের মধ্যে সিমলি সবার ছোট।
এ বিষয়ে জাহিদুল হাসান ইলামের বাবা আবদুল হাই বলেন, গতকাল (রোববার) খবরটি শোনার পর থেকেই আমি আনন্দিত। আমার পরিবারের সবাই এই খবরে আনন্দিত। আনন্দিত আমার এলাকাবাসীও। আমি তাদের জন্য সবার কাছে দোয়া চাই। যাতে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে।
এদিকে পদোন্নতি পাওয়ার পর এই দম্পতির উভয়ই ফেসবুক পোস্টে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার প্রতি।
