Home প্রধান খবর বাসার দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

বাসার দরজা ভেঙে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

0
156

নজর২৪, ঢাকা- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, কলাম লেখক ও রাজনীতি বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ঢাকায় রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের বাসায় তার মরদেহ পাওয়া যায়।

 

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন শামসুর রেহমানের প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

 

রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট দোলনচাঁপা ভবন-১, ১৩০৪ নম্বর ফ্ল্যাটে একাই থাকতেন রেহমান। তার পরিবারের সদস্যরা আমেরিকায় থাকেন, ভাই থাকেন পিরোজপুর।

 

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ বলেন, ‘সকালে তারেক শামসুর রেহমানের কাজের বুয়া বাসায় যান। কলিংবেল দিলেও তিনি দরজা খোলেননি। পরে বুয়া নিচে সিকিউরিটিকে বিষয়টি জানান। এরপর আশপাশের সবাই ফ্লাটে গিয়ে তাকে ডাকাডাকি করেন, ফোনে কল দেন।

 

‘রিংটোন শোনা যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে শামসুর রেহমান সাহেবের কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। কোনো সাড়া না পেয়ে তুরাগ থানার ওসিকে জানাই। উনাদের টিম এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেছে।’

 

মোজাফফর জানান, তারেক শামসুর রেহমানের মরদেহটি বাথরুমের সামনে পরে ছিল। সেখানে বমি দেখা যায়।

 

তুরাগ থানার আরেক কর্মকর্তা জানান, অধ্যাপক রেহমানের মরদেহ ফ্ল্যাটের টয়লেটের সামনে পড়েছিল। মৃত্যুর আগে তিনি বমি করেছেন বলে প্রাথমিক আলামতে মনে হচ্ছে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমান ওই বিভাগের সাবেক চেয়ারম্যান। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য। গত দু’দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেষণা করেছেন তিনি। এসব বিষয়ে তার বেশ কিছু বইও প্রকাশ হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা তারেক শামসুর রেহমান জার্মানি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আইভিপি ফেলাে।

 

জাবিতে অধ্যাপনার পাশাপাশি ড. রেহমান নিয়মিত কলাম লিখছিলেন। প্রায় প্রতিটি জাতীয় দৈনিকে তার কলাম নিয়মিত ছাপা হতো।

 

তার উল্লেখযােগ্য বইয়ের মধ্যে রয়েছে, বিশ্ব রাজনীতির ১০০ বছর, ইরাক যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, নয়া বিশ্বব্যবস্থা ও সমকালীন আন্তর্জাতিক রাজনীতি, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি কোষ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি প্রভৃতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here