নজর২৪, ঢাকা- পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহম্মদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর সোয়া চারটার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ড. এ. কে. এম. রফিক আহাম্মদ গত ২৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসান।
এদিকে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবীর ও পরিচালক (প্রশাসন) ড. মো. মোকছেদ আলীও করোনা আক্রান্ত। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন।
