নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে সাত হাজার ৮৭ জনের দেহে। এ সময়ে ভাইরাসে মৃত্যু হয়েছে ৫৩ জনের। রবিবার ( ৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ২৪ ঘণ্টায় এত শনাক্ত দেখেনি দেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের দেহে। এর মধ্যে মারা গেছে নয় হাজার ২৬৬ জন। রবিবার সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একদিনে ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ, বাকি ৮ জন নারী। ৫২ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, একজন মারা গেছেন বাড়িতে। মোট মারা যাওয়া ৯ হাজার ২৬৬ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ৯৭০ জন, নারী ২ হাজার ২৯৬ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৫৩ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।
