বিএনপির সব ধরনের কর্মকাণ্ড স্থগিত ঘোষণা

নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির ‘চরম অবনতি’ ঘটায় সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জরুরি সংবাদ ও আলোচনাসভা চলমান থাকবে।

 

বুধবার (৩১ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এস সিদ্ধান্ত হয়েছে। এদিন দিবাগত রাত সাড়ে ১১টায় দলটির দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উদাসীনতার ফলে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি দ্রুত অবনতির পরিপ্রেক্ষিতে জনগণ এবং দলীয় নেতাকর্মী, সমর্থকদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় জনগণ/নেতা কর্মী, সমর্থকদের সমাগম ঘটে-বিএনপির এ ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। তবে ফোন, সামাজিক গণমাধ্যম ও অ্যাপস্ ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি জনগণ এবং দলীয় নেতাকর্মী, সমর্থকদের প্রতি করোনা ভাইরাসের ক্রমবর্ধমান অবনতির পরিপ্রেক্ষিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে।

 

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদাসীনতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে দ্রুত কার্যকর ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানায় বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *