বাসে উঠতে না পেরে খিলক্ষেতে সড়ক অবরোধ করে যাত্রীদের বিক্ষোভ

নজর২৪, ঢাকা- করোনা ভাইরাস পরিস্থিতির অবনতির ফলে বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। সবকিছু স্বাভাবিক রেখে বাসে কম যাত্রী বহনের নির্দেশনায় বিপাকে পড়েছেন রাজধানীবাসী।

 

ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে অফিসগামীদের ভোগান্তি চরমে। আর এর প্রতিবাদ জানাতে এবার রাস্তা অবরোধ করেছেন খোদ যাত্রীরা।

 

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর খিলক্ষেতে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ যাত্রীরা। এতে পুরো বিমানবন্দর সড়কে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়। কুড়িল ফ্লাইওভার-বনানী আর অপরদিকে প্রায় উত্তরা পর্যন্ত সড়ক স্থবির হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা সরে গেলেও সড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. মাসুম বলেন, ৫০ শতাংশ আসনে যাত্রী নেওয়ায় অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। ফলে তারা অফিসে বা গন্তব্যে যাওয়ার কোনো বাহন না পেয়ে নিকুঞ্জ এলাকার খিলক্ষেত সড়কে বিক্ষোভ করেন। বিক্ষোভের ফলে রাস্তায় কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ ছিল। পরে আমাদের টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে এখন পুলিশ রয়েছে।

 

যাত্রীরা অভিযোগ করে বলেন, সকাল ৭টা থেকে বাসের জন্য দাঁড়িয়ে আছি, একটি বাসেরও আসন খালি পাওয়া যাচ্ছে না। এই রোড দিয়ে উত্তরাগামী অধিকাংশ বাসের গেটলক।

 

তারা আরও বলেন, মালিকরা ৫০ শতাংশ আসনে যাত্রী নিলেও ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর কারণে তাদের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অধিকাংশ যাত্রী বাস না পেয়ে বেশি ভাড়ায় অটোরিকশায় অফিসে যাচ্ছেন। আবার কেউ কেউ হেঁটে রওনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *