নজর২৪, নারায়ণগঞ্জ- হেফাজতে ইসলামের হরতাল চলাচালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গণমাধ্যম কর্মীদের ওপর যে আক্রমণ হয়েছে, তাকে ‘চলার পথের ভুল’ আখ্যা দিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক।
হেফাজত নেতা বলেছেন, তাদের কোনো দায়িত্বশীল কেউ সাংবাদিকদের মারধর করেনি। মাঠ পর্যায়ের কর্মীদের ভুল বোঝাবোঝি ছিল।
রোববারের হরতালের সময় সহিংসতার প্রতিবাদে সংগঠনের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ শাখা আমিরের পদ ছাড়ার ঘোষণা দেয়া আবদুল আউয়ালকে ফেরাতে রাজি করতে বুধবার এই জেলায় যান মামুনুল হক।
এক ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে এসে তিনি হরতালে তাদের কর্মীদের গণমাধ্যমের প্রতি মারমুখো আচরণ নিয়ে প্রশ্নের মুখে পড়েন।
হরতালে সহিংসতার দায় অস্বীকার করলেও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি কার্যত স্বীকার করে নিয়েছেন হেফাজত নেতা।
এ বিষয়ে এক প্রশ্নে মামুনুল বলেন, ‘হেফাজতে ইসলাম গণমাধ্যম কর্মীদের সম্মান করে। তবে হেফাজতের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে অথবা চলাচলের পথে ভুল হতে পারে। কিন্তু হেফাজতের কোনো দায়িত্বশীল নেতা সাংবাদিকদের মারধর করেনি।’
এসময় গাড়ি পোড়ানো ও সহিংসতার বিষয়ে তিনি বলেন, হেফাজতে ইসলাম কোনো প্রকার সহিংসতায় বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি, মহাসড়কে অবস্থান নিয়েছি। অনেক জায়গায় হেফাজতের দায়িত্বশীলদের রাজপথ থেকে উৎখাত করতে প্রশাসন উদ্যত হয়েছে। সেখান থেকে কোথাও কোথাও সহিংসতার ঘটনা ঘটেছে, তা হেফাজতের পক্ষ থেকে করা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই গ্রামবাসী ও মৃতের আত্মীয়-স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েছিল। সেটা থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়ে থাকতে পারে। তার দায় হেফাজতের না।
