আমরা ধৈর্য দেখাচ্ছি, নৃশংসতা বন্ধ না হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

নজর২৪, ঢাকা- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কতিপয় ধর্মীয় উগ্রগোষ্ঠী গত ৩ দিন সরকারি অফিস, পুলিশ স্টেশন, রেল স্টেশন, প্রেসক্লাবে, রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা চালিয়েছে। তাদেরকে নিবৃত্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

 

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে জরুরী বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, ছোট ছোট বাচ্চাদের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। তারা নানা গুজব ছড়িয়ে পরিকল্পনা অনুযায়ী হামলা করছে। এগুলো নাশকতা। রাষ্ট্রর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিবৃত্ত না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবো। এভাবে জানমানের ক্ষতি করা যাবে না। আমরা ধৈর্য দেখাচ্ছি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতাল ডাকতেই পারে। পালনও করতে পারে। কিন্তু সরকারি স্থাপনায় হামলা করা, বাড়িঘরে হামলা করলে তো হরতালের উদ্দেশ্য বোঝা যায়।

 

তাণ্ডব কি শুধুই হেফাজত করছে, নাকি অন্যকেউ করছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, তাদের যে রণকৌশল, বাঁশেরকেল্লা ইনভলভ (যুক্ত) হয়েছে। এতে স্পষ্ট প্রতীয়মান হয়, আগে যে জঙ্গি সংগঠনগুলো সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করার জন্য যে প্রয়াস চালিয়েছিল তারাই নতুনভাবে এখানে সম্পৃক্ত হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। সবগুলো আমরা খতিয়ে দেখছি। যে যেখানে থাকুক, আমরা কাউকে ছাড় দেব না।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আজকে প্রেসক্লাবেও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলো পর্যবেক্ষণ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *