নজর২৪, ঢাকা- আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হেফাজতে ইসলামের ডাকা হরতালের আগের রাতে রাজধানীর সায়েদাবাদের জনপদ মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৭ মার্চ) রাত পৌনে ৮টার দিকে যাত্রীবাহী ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম কাজল বলেন, রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কারা বাসটিতে আগুন দিয়েছে তা জানতে তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে শনিবার দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেটে পুলিশ বক্সের সামনে তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
এদিকে, বাসে আগুন জ্বলে ওঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পান। পরে স্থানীদের সহায়তায় সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
