জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

নজর২৪, ঢাকা- মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তাবক অর্পণ করেছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকা পৌঁছে বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। দুপুর ১২টা ১০মিনিটে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজে করুণ সুর।

 

এরপর নরেন্দ্র মোদি স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। ১২টা ২০মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকা পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে বহনকারী বিমানটি সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল হাতে স্বাগত জানান। তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *