নজর২৪, ঢাকা- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফরে দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বাংলাদেশে আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা ২৮ মিনিটে দেয়া ওই পোস্টে বিমানের সিঁড়িতে দেখা যায় মোদিকে।
এতে তিনি লেখেন, ‘ঢাকা যাচ্ছি। এই সফর ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব আরও গভীর করবে।’
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ থেকে ২৬ মার্চ ১০ দিনের অনুষ্ঠানে এর আগে বিদেশি নেতারা অংশ নিয়েছেন। শেষ দিন (২৬ মার্চ) অংশ নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। দুই উদযাপনে অংশ নিতে এলেও মোদির এই সফরে স্থান পাবে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়।
মহান মুক্তিযুদ্ধের সহযোগী দেশ, প্রতিবেশী, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক আদান-প্রদানের কারণে দুই দেশের সম্পর্ক সুগভীর। তাই এই গুরুত্বপূর্ণ দেশটির সরকার প্রধানের সফর উপলক্ষে নিরাপত্তার কঠোরতাসহ আয়োজনের কোনো ত্রুটি রাখেনি বাংলাদেশ।
