ঢাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়: লেখক

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রগতিশীল ছাত্রজোটর মিছিলে হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর উপর হামলার ঘটনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

 

লেখক ভট্টাচার্য বলেন, ছাত্রলীগ কারো উপর হামলা করেনি। রাতে কিছু লোক ফুলার রোড দিয়ে বাঁশ, লাঠি নিয়ে আসছিল। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে আবার তারা ফুলার রোড দিয়ে চলে যায়।

 

এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বাম ছাত্র সংগঠনগুলো মোদিবিরোধী মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। সেখান থেকে বাম সংগঠনগুলো ভিসি চত্বরে গেলে মিছিল নিয়ে তাদের উপর ছাত্রলীগ হামলা করে বলে অভিযোগ করেছেন বাম সংগঠনের নেতাকর্মীরা। হামলায় সাংবাদিকসহ বাম ছাত্র সংগঠনের প্রায় ২৩ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

ঘটনার বর্ণনা দিয়ে ছাত্র ফ্রন্ট নেতা সালমান সিদ্দিকি বলেন, ‘মিছিল শেষে আমরা ফিরে আসছিলাম। পেছন থেকে মহানগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা পালিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারে অবস্থান নিলেও গেইট ভেঙে সেখানে প্রবেশ করে আমাদের উপর ফের হামলা করা হয়। হামলায় আমাদের ২০-২৫ জন আহত হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

 

গত মঙ্গলবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে বামপন্থি ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনাতেও নাম এসেছে ছাত্রলীগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *