ঢাবিতে মোদিবিরোধী মিছিলে ‘ছাত্রলীগের হামলা’, সাংবাদিকসহ আহত ২০

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। টিএসসি থেকে মিছিলটি বের হয়ে শহীদ মিনার, পলাশী, নীলক্ষেত হয়ে টিএসসির দিকে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি হয়।

 

এরপর বিক্ষোভকারীরা স্মৃতি চিরন্তনের (ভিসি চত্বর) সামনে অবস্থান নেন। অভিযোগ উঠেছে, তখন ছাত্রলীগ মিছিল নিয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন।

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে প্রগতিশীল ছাত্র সংগঠনের ব্যানারে বিক্ষোভ ও মশাল মিছিলটি ঢাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের সামনে ছাত্রলীগের মুখোমুখি হয়। সরকার সমর্থিত সংগঠনটির নেতাকর্মীরা ধাওয়া দিলে বিক্ষোভকারীরা পিছু হটে ভিসি চত্বরের দিকে যায়। কিছুক্ষণ পর ছাত্রলীগ ভিসি চত্বরে গিয়ে তাদের ওপর হামলা চালায়।

 

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠি, কাঠ, গাছের ডাল ছিল। তারা তখন খুঁজে খুঁজে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় বাম ছাত্র সংগঠনের নেতা ভেবে নিজেদেরই এক নেতার মাথা ফাটিয়ে দেয় ছাত্রলীগের হামলাকারীরা।

 

এছাড়া, পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদারের ওপর হামলা করলে তার মাথা ফেটে যায়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলের সামনে অবস্থান করছেন।

 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হামলার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সামনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহস্রাধিক নেতাকর্মীকে নিয়ে উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ‘ছাত্রলীগ আমাদের ওপর ভিসি চত্বরে মিছিল নিয়ে এসে ব্যাপক হামলা করে। এতে আমাদের ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়। ছাত্রলীগের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

 

এর আগে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আবিদ হাসান রাসেল। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে তার ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বৃহস্পতিবার ‘জেয়াফত’ নামে একটি কর্মসূচি দেয় ‘বাংলাদেশের জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম। কর্মসূচি শুরুর আগে আন্দোলনকারীদের মারধর করে তাদের ব্যানার ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

এ ঘটনার ভিডিও ধারণের সময় ‘সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও’ রাসেলের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *