নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ঢাকায় মোদিবিরোধী মিছিলে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর আহত হয়েছেন বলে জানান ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ। তিনি বলেন, আমাদের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন ও আটক হয়েছেন ৭ থেকে ৮ জন।
আজ বৃহস্পতিবার যুব অধিকার পরিষদের এই মোদি বিরোধী বিক্ষোভে পুলিশ অতর্কিত পিছন থেকে লাঠিচার্জ, কাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানান ছাত্র অধিকার পরিষদের নেতা মো. মশিউর রহমান।
তিনি আরো বলেন, আমরা মতিঝিল শাপলা চত্ত্বর পার হচ্ছিলাম এই সময় এই ঘটনা ঘটে। এখান থেকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।
তবে মতিঝিল জোনের এডিসি নুরুল আমিন বলেন, তারা মিছিল নিয়ে শাপলা চত্বর এলে আমাদের পুলিশ সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের ওপর আক্রমণ শুরু করে। আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
বর্তমানে শাপলা চত্বর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করলেও সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
