Home খেলাধুলা বোনকে নিয়ে জন্মদিন পালন সাকিবের

বোনকে নিয়ে জন্মদিন পালন সাকিবের

0
81

স্পোর্টস আপডেট ডেস্ক- সাকিব আল হাসান সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকে দেখিয়েছেন, চাইলে তিনি কী করতে পারেন। ধীরে ধীরে নিজেকে বিশ্বসেরা ও কিংবদন্তিদের কাতারে নিয়ে যাওয়া সাকিবের আজ বুধবার (২৪ মার্চ) জন্মদিন।

 

সম্প্রতি তৃতীয় সন্তানের পিতা হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এবারের জন্মদিনটা বোন জান্নাতুল ফেরদৌস রিতুর সঙ্গে উদযাপন করলেন তিনি।

 

১৯৮৭ সালের ২৪শে মার্চ মধ্যবিত্ত কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের ঘর আলোকিত করে আসেন ফয়সাল। শুরুতে পরিবার থেকে এ নামেই ডাকা হতো সাকিবকে। পরিবারের প্রথম ও একমাত্র ছেলে সন্তান সাকিব।

 

বাবা মাশরুর রেজা এক সময় মাগুরায় ভালো ফুটবল খেলতেন, সেকারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে। বাবার ইচ্ছাও ছিল তাই।

 

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টোয়েন্টি ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের।

 

২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। এই ধারাবাহিকতায় টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন তিনি। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হন তিনি।

 

প্রতিপক্ষ ক্রিকেটারদের পাশাপাশি প্রায় সময় সমালোচকদেরও সামাল দিতে হয় তাকে। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডেও জড়িয়েছেন তিনি। জুয়াড়িদের দেওয়া প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হোন সাকিব। নিষেধাজ্ঞা শেষে গত বছর ক্রিকেটে ফেরেন সাকিব।

 

তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেট অর্জন করা সাকিব দীর্ঘদিন ধরে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আছেন শীর্ষে। এছাড়াও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি খেলেছেন সারা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্জাইজি লিগে।

 

এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), কাউন্টি ক্রিকেট, বিগ ব্যাশ টি-টোয়েন্টি- যেখানেই খেলেছেন বাংলাদেশকে পরিচিত করেছেন নতুনভাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here