নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দীর্ঘ হচ্ছে শনাক্ত এবং মৃত্যুর মিছিল। দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা ৮ মাসের মধ্যে আজ সবোর্চ। এর আগে সর্বশেষ গত ১৫ জুলাই একদিনে শনাক্ত ছিল তিন হাজার ৫৩৩ জন। এরপর গত আট মাসে একদিনে সাড়ে তিন হাজার অতিক্রম করেনি করোনা শনাক্ত।
আজ নতুন ৩ হাজার ৫৫৪ জন নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনের।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ২১৯টি ল্যাবে ২৬ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯। মোট রোগী শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। এরমধ্যে হাসপাতালে ১৭ জন ও ১ জন বাড়িতে মারা গেছেন।
বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ৩ ও রংপুরে ১ রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।
এর আগে সোমবার (২২ মার্চ) দেশে আরও ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩০ জন।
