Home আন্তর্জাতিক বিমানে উঠতে গিয়ে তিনবার হোঁচট খেলেন বাইডেন

বিমানে উঠতে গিয়ে তিনবার হোঁচট খেলেন বাইডেন

0
59

আন্তর্জাতিক ডেস্ক- এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে তিন দফায় হোঁচট খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। তবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস জানিয়েছে, ওই ঘটনায় বাইডেন কোনও আঘাত পাননি। তিনি সুস্থ রয়েছেন।

 

গত ১৬ মার্চ আটলান্টার তিনটি বডি ম্যাসাজ পার্লারে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ছয় এশীয় নারীসহ আট জন নিহত হন। এ ঘটনায় স্থানীয় শুক্রবার স্থানীয় এশিয়ান-আমেরিকান কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি ছিল বাইডেনের। সেখানে যাওয়ার প্রাক্কালেই এয়ার ফোর্স ওয়ানের সিঁড়িতে দফায় দফায় হোঁচট খান তিনি।

 

দীর্ঘ সিঁড়ি বেয়ে প্লেনে ওঠার সময় সিঁড়ির মাঝপথে তিন দফায় পা ফসকে যায় বাইডেনের। প্রথম দফায় ডান হাতে রেলিং আর বাম হাতে সিঁড়ির মেঝেতে ভর দিয়ে নিজেকে রক্ষা করেন তিনি। এর পরপরই দ্বিতীয় দফায় হোঁচট খান। এবারও একইভাবে উঠে দাঁড়াতে সমর্থ হন। ফের একই ঘটনা ঘটে। তবে এবার আর নিজেকে সামলে রাখতে পারেননি ৭৮ বছরের এই রাজনীতিক। পড়ে যান সিঁড়ির ওপর। পরে সামান্য বিরতি দিয়ে বাকি সিঁড়ি পার হন তিনি।

 

প্লেনের দরজায় পৌঁছে অন্যদের অভিবাদন জানিয়ে আটলান্টার উদ্দেশে যাত্রা করেন বাইডেন। সেখানে পৌঁছে এশিয়ান-আমেরিকান কমিউনিটির সঙ্গে সাক্ষাতের পর এমরি ইউনিভার্সিটিতে ভাষণ দানকালে তাকে সুস্থ দেখাচ্ছিল।

 

মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসও জানিয়েছে, প্রেসিডেন্ট পুরোপুরি সুস্থ রয়েছেন।

 

বাইডেন সিঁড়িতে এভাবে পড়ে যাওয়ার কারণ হিসেবে প্রবল বাতাসকে দায়ী করেছেন মার্কিন কর্মকর্তারা।

 

হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে সাংবাদিকদের বলেন, এখানে অনেক বাতাস। আমি নিজেই ওপরে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিলাম।

 

হোঁচট খাওয়ার পর বাইডেনকে ডাক্তার দেখানো হয়েছে কিনা জানতে চাইলে হোয়াইট হাউসের এ কর্মকর্তা বলেন, আমি যা জানি- আমি শুধু বলতে পারি, তিনি ভালো আছেন। তিনি বেশ ভালো আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here