Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত ফ্লয়েডের পরিবার পাচ্ছে ২২৯ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে নিহত ফ্লয়েডের পরিবার পাচ্ছে ২২৯ কোটি টাকা

0
147

আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে গত বছর পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের পরিবারকে দুই কোটি ৭০ লাখ মার্কিন ডলার দিতে চেয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২২৮ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকারও বেশি।

 

গত বছরের ২৫ মে নিরস্ত্র ফ্লয়েডকে হাঁটুর তলায় চেপে ধরে নির্যাতন ও হত্যা করে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা। পরে এ ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে আন্দোলন শুরু হয়। নিরস্ত্র এ কৃষ্ণাঙ্গের মৃত্যুর মাসখানেক পর তার পরিবার শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে।

 

শুক্রবার মিনিয়াপোলিসের কর্মকর্তারা দুই কোটি ৭০ লাখ ডলারে ওই মামলারই বিচারপূর্ব মীমাংসার কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

এভাবে নিষ্পত্তির বিষয়টি মিনিয়াপোলিস সিটি কাউন্সিলে সব সদস্যের সম্মতিতে অনুমোদিত হয়। শহরটি এর আগে ক্ষতিপূরণ বাবদ এত অর্থ আর কখনোই দেয়নি।

 

ফ্লয়েডকে মাটিতে চেপে ধরা পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার বিচারে জুরি বাছাইয়ের কাজ চলছে। ২৯ মার্চ থেকে মামলাটির শুনানি শুরু হওয়ার কথা।

 

জাল নোট ব্যবহারের অভিযোগে এ শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা চৌভিনই নিজের হাঁটু দিয়ে ফ্লয়েডের ঘাড় মাটিতে চেপে ধরেছিলেন; সেসময় ফ্লয়েড বারবারই ‘আমি নিঃশ্বাস নিতে পারছি না’ বলে আকুতি জানালেও তা মন গলাতে পারেনি তাকে আটক করা পুলিশ সদস্যদের।

 

এ ঘটনার ৯ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুঁসে উঠে যুক্তরাষ্ট্র।

 

চৌভিন অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন। বলেছেন, তিনি কেবল তাকে দেওয়া প্রশিক্ষণ যথাযথভাবে অনুসরণ করেছিলেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগে মামলা হয়েছে, সবগুলোতে দোষী সাব্যস্ত হলে শ্বেতাঙ্গ এ পুলিশ কর্মকর্তার সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

 

চৌভিনকে সহায়তার অভিযোগে আরও তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথক ওই মামলার শুনানি শুরু হতে আরও কয়েক মাস লাগবে।

 

ফ্লয়েডের পারিবারিক আইনজীবী বেন ক্রাম্প জানান, বিচারের আগেই মামলা নিষ্পত্তির এটাই সর্ববৃহৎ ঘটনা। এটা সবার জন্যই একটা বার্তা। আশা করি, এর মাধ্যমে কালো মানুষদের বিরুদ্ধে পুলিশি যে বর্বরতা, তার অবসান ঘটবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here