নজর২৪, ঢাকা- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারি হেফাজতে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি জুয়েলের উদ্যোগে এ মশাল মিছিলে কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, লেখক মুশতাককে যে নি-র্যাতনের মাধ্যমে হ’ত্যা করা হয়েছে, কার্টুনিস্ট কিশোরের বক্তব্যে তা প্রমাণিত। কার্টুনিস্ট কিশোর ও মুশতাকের ওপর বর্বর নি’র্যাতন চালানো হয়েছে। কিন্তু নির্যাতন নিপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নামতে শুরু করেছে। এ সরকারের পতন ঘটিয়ে ছাত্র-জনতা রাজপথ ছাড়বে।’
রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে ভিত্তিহীন মামলায় সাজা দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্ত হলেও তিনি এখন গৃহবন্দি। আমরা অবিলম্বে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।





