তুরস্কের প্রখ্যাত আলেম আমিন সিরাজের খাটিয়া বহন করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক- নিজ কাঁধে খাটিয়া বহন করে বিশিষ্ট আলেম ও হাদিস বিশেষজ্ঞ শায়খ মুহাম্মাদ আমিন সিরাজের দাফনকার্যে অংশ নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

 

রোববার ইস্তাম্বুলের আল ফাতিহ মসজিদে বিখ্যাত এ তুর্কি আলেমের জানাজায় অংশ নিয়ে তার খাটিয়াও বহন করেন তিনি।

 

বিংশ শতাব্দীর ধর্মহীন আধুনিক তুরস্কের পুনর্গঠনে ব্যাপক অবদান রেখেছিলেন নিভৃতচারী আলেম শায়খ আমিন সিরাজ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।

 

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শায়খ সিরাজের সঙ্গে দীর্ঘ দিনের পরিচিতির কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। এছাড়াও তার কাছে বিভিন্ন সময় যাতায়াত করতেন এবং তার নির্দেশনা শুনতেন বলে জানান তিনি।

 

শায়খ মুহাম্মাদ আমিন সিরাজ তাফসির এবং হাদিস শাস্ত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন আলেম ছিলেন। মাত্র সাত বছর বয়সে মুখস্থ করেন পবিত্র কোরআন।

 

মিসরের আল আজহার ইউনিভারসিটিতেও তিনি পড়েছেন। লেখালেখি, সম্পাদনা, অনুবাদ, পাঠদান, দাওয়াতসহ মুসলিম সমাজ পুনর্গঠনে সর্বত্র নিজেকে সম্পৃক্ত রাখেন তুরস্কের এ মহান মনীষী।

 

তাঁর ইন্তেকালে দেশের পাশাপাশি একাধিক বিদেশি স্কলারগণ শোক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *