‘স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মূল করাই আজকে আমাদের অঙ্গীকার’

নজর২৪, ঢাকা- তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও অনেকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিশ্বাস করে না। সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনো বিষবাষ্প ছড়াচ্ছে এবং আমাদের ভাষা, সংস্কৃতির বিরুদ্ধে কথা বলছে আস্ফালন করছে। তাই সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তিকে নির্মূল করাই আজকে আমাদের অঙ্গীকার।

 

রোববার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব তিনি কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আগের মামলার রায় ইংরেজিতে পড়া হতো এবং দেওয়া হতো, তা এখন বাংলাতে করার ব্যবস্থা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, আজকের এই দিনে আমাদের আরেকটা লক্ষ্য হলো, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা যেন করা হয়।

 

এদিন রাজধানীর নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরি শুরু করে শহীদ মিনারে যান আওয়ামী লীগের নেতকর্মীরা। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে ভোর সাড়ে ৬টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারাদেশে দলের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখাসহ কালো পতাকা উত্তোলন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *