নজর২৪, ঢাকা- একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান তাঁর অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার জনপ্রিয় এই অভিনয় শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘জনপ্রিয় এই শিল্পী তাঁর অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।’
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রূপালি পর্দার প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান আজ শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্র জানিয়েছে।
এর আগে, শারীরিক অবস্থার উন্নতি হলে গতকাল শুক্রবার বিকালে এ টি এম শামসুজ্জামানকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।
এর আগে গত বুধবার শ্বাসকষ্ট নিয়ে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এ টি এম শামসুজ্জামানকে। ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল।
