অবশেষে জোট গঠন করলেন সাকি-নুর

নজর২৪ ডেস্ক- বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসঙ্গে পালনের ঘোষণা দিয়েছে চারটি সংগঠন।

 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এবং রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম এই ঘোষণা দেন।

 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে চারটি সংগঠন তাদের কর্মসূচি ঘোষণা করে।

 

চার সংগঠনের গৃহীত আংশিক কর্মসূচির মধ্যে আছে- ১ মার্চ জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সম্মাননা, ১২ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সুবর্ণজয়ন্তী সমাবেশ, ২৬ মার্চ স্ব স্ব সংগঠনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন, ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দিবস পালন। এছাড়াও দেশব্যাপী বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জোনায়েদ সাকি বলেন, ‘আমরা গণমানুষের রাজনীতি বাংলাদেশে গড়ে তুলতে চাই। তারই অংশ হিসেবে আমরা একসঙ্গে কিছু কাজ করছি। এর মধ্যে দিয়ে আমরা গণমানুষের রাজনীতি এগিয়ে নিয়ে গিয়ে জনগণের নিজস্ব রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। এই প্রক্রিয়ায় আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ফলে আমাদের চারটি সংগঠনের একত্রিত হওয়ার নির্দিষ্ট উদ্দেশ্য আছে। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা হচ্ছে আমাদের এই ঐক্যের ভিত্তি। আপাতত জনগণকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য।’

 

নুরুল হক নুর বলেন, ‘আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমাদের যাত্রা শুরু হয়েছে এটা চলমান থাকবে। আমাদের চিন্তার সঙ্গে যদি আরও কেউ যুক্ত হতে চায় আমরা তাদের আহ্বান জানাই আমাদের সঙ্গে আসার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *