টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান

নজর২৪, ঢাকা- করোনার টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ প্রধান বেনজীর আহমেদ। আজ সোমবার দেশে টিকা কর্মসূচির অষ্টম দিনে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে টিকা গ্রহণ করেন তারা।

 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী সমালোচকদের মুখে ছাই দিয়ে টিকা এনেছেন এবং দেশের সাধারণ মানুষসহ সবাই টিকা পাচ্ছেন। সবাইকে টিকা নিয়ে দেশকে কোভিড মুক্ত করার আহ্বানও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

পরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন একই হাসপাতালে করোনার টিকা নিয়েছেন।

 

এ সময় পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মঈনুর রহমান চৌধুরী, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে প্রতিদিন ১৮টি বুথে তিন হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে। পুলিশ সদস্য ছাড়াও সাধারণ জনগণও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দিতে পারছেন।

 

মন্ত্রী এসময় জানান, পুলিশ সদস্যরা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন। তারা সংক্রমণ নিয়ে আতঙ্কিত হয়নি। পুলিশ নিজেরা আক্রান্ত হলেও দাফনের কাজে পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন। এটি প্রশংসনীয় বলে মন্তব্য করেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *