পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৩০১ জনের বিরুদ্ধে মামলা

নজর২৪ ডেস্ক- রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশের শেষের দিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের ওপর হামলা হয়েছে দাবি করে শনিবার রাতে বিএনপির ৩০১ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ ও রমনা মডেল থানার পুলিশ সূত্রে আজ রোববার এ তথ্য জানা গেছে। দুটি মামলাই পুলিশ বাদি হয়ে করেছে।

 

শাহবাগ থানার মামলায় ২৯ জনকে এজহারনামীয় আসামি করে অজ্ঞাতনামা ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাপ উদ্দিন মাহমুদ।

 

এসআই মো. গোলাপ উদ্দিন মাহমুদ বলেন, ‘এ ঘটনায় মো. শরীফ হোসেন নামের এক বিএনপির নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

 

এদিকে, রমনা মডেল থানায় একই ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। ওই মামলায় ৩২ জনকে এজহারনামীয় আসামি করে ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। এ মামলার বাদি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল উসমান মাসুম। দুই থানায় ৩৪, ১০৯, ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৫৩, ৪২৭ ধারার দ্রুত বিচার আইনে মামলা দুটি করা হয়েছে।

 

এসআই শহিদুল উসমান মাসুম বলেন, ‘গতকাল শনিবার রাতে হওয়া এ মামলায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার করা আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

 

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেছিলেন, ‘জাতীয় প্রেসক্লাবের সামনে একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। এ সময় তারা দায়িত্বরত পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিপেটা করে।’

 

তবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুলিশের হামলায় ১৬০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। সমাবেশ থেকে গ্রেফতার করা হয়েছে ২১ জন নেতাকর্মীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *