Home প্রধান খবর মদিনায় সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

মদিনায় সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু

0
123

প্রবাসের কথা ডেস্ক- সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানার আগুনে দুই ভাইসহ ৭ বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে এ অগ্নিকাণ্ড হয়। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

 

দেশটির পবিত্র নগরী মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে মদিনা আল-খলিল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  একদিকে মহামারীতে কাজ ও অর্থ সংকট, অন্যদিকে এমন করুণ পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে বাঙালি কমিউনিটিতে।

 

জানা যায়, বাংলাদেশ সময় বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ড হয়। সৌদি সময় তখন রাত ২টা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

 

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মহসীন হোসেন বলেন, ভোরের দিকে সোফা কারখানাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ। মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here