আন্তর্জাতিক ডেস্ক- মিয়ানমারের সেনাবাহিনী আগামী এক বছরের জন্য দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। দেশটির সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি নিউজ’র বরাত এই খবর দিয়েছে আল-জাজিরা।
এর আগে সোমবার দেশটির রাষ্ট্রপতি উইন মিনত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ শাসক দলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে সেনাবাহিনী। পাশাপাশি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী।
সেনা নিয়ন্ত্রিত টিভি চ্যানেল মিয়াওয়াদ্দি নিউজ আরও জানিয়েছে, প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইং জরুরি অবস্থাকালে মিয়ানমারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে রাজধানী নেপিডোতে এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনীর টহল দেখা গেছে। প্রধান প্রধান শহরগুলোতে টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রাজধানী নেপিডোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যাচ্ছে না।
প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে যে তারা কিছু কারিগরি সমস্যার মুখে পড়েছে এবং তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।
ইয়াঙ্গনে বিবিসি বার্মিজের সংবাদদাতা নিয়েন চ্যাং আয়ে জানান, ইয়াঙ্গন অনেকটা স্বাভাবিকই রয়েছে। শহরটির আঞ্চলিক পার্লামেন্ট এবং আঞ্চলিক সরকারি অফিসগুলোর দখল নিয়েছে নিরাপত্তা বাহিনী। বেসামরিক কর্মকর্তাদের ঢুকতে দেয়া হয়নি।
