মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, একটু ধৈর্য ধরুন: পররাষ্ট্রমন্ত্রী

নজর২৪, ঢাকা- মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিনতকে আটকের ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

 

তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একটু ধৈর্য ধরুন। একটু পরেই মিয়ানমারের বর্তমান অবস্থা নিয়ে একটি প্রেস রিলিজ দেওয়া হবে।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) অং সান সু চি গ্রেফতারের পর এ বিষয়ে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

এর আগে ভোরে সেনাবাহিনীর অভিযানে সু চি এবং উইন মিনতসহ এনএলডির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। সৈন্যরা দেশের বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় গিয়ে তাদের ধরে নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

 

সু চিকে আটকের কয়েক ঘণ্টা পরে, সামরিক টেলিভিশন নিশ্চিত করেছে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী।

 

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজনীয় ছিল। দেশের ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পেয়ে বিজয় লাভ করে সু চি’র নেতৃত্বাধীন দল এনএলডি। তবে সেনাবাহিনী অভিযোগ, নির্বাচনে জালিয়াতি করে সু চি’র দল জয় লাভ করে। সেই অভিযোগেই অভিযান চালিয়ে সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হয়।

 

সংসদের নবনির্বাচিত নিম্ন কক্ষের আজ সোমবার প্রথমবারের মতো বৈঠক করার কথা ছিল। অন্যদিকে সেনাবাহিনী তা স্থগিতের আহ্বান জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *