৪ বছর বয়সী মাওয়ার গল্প

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো, মা তাই কি হয়?’

 

না, তা হয়নি। ভাষা আন্দোলনের প্রতিবাদী কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার মতোই হারিয়ে যায়নি মায়ের ভাষা, মায়ের কোলে শুয়ে গল্প শোনার মধুময় স্মৃতি। সেজন্যই হয়তো সুদীর্ঘ সময়ের পথ ধরে ভাষা, মুক্তিযুদ্ধ এবং বাংলার সাহিত্য-সংস্কৃতি লালন করে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে প্রজন্ম।

 

এগিয়ে চলা এ প্রজন্মের তেমনই এক ক্ষুদে বাঙালির সন্ধান মিলেছে রংপুর নগরীতে। বয়স মাত্র চার বছর। স্কুলের বারান্দায় পা রাখা হয়নি এখনও। এরই মধ্যে দেশবরেণ্য কবি-সাহিত্যিকদের শতাধিক কবিতা, ছড়া ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট জান্নাতুল মাওয়া।

 

কবিতার মতোই ছবি আঁকা আর কারাতে প্রশিক্ষণে যেমন মুন্সিয়ানা দেখিয়েছে তেমনি পবিত্র কোরআন শরিফের সুরা ও আয়াতুল কুরসি মুখস্থ করেও ফুটিয়ে তুলেছে তার অভাবনীয় প্রতিভা।

 

রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (বাংলা) মা মনিরা আক্তারের উৎসাহ আর একান্ত প্রচেষ্টায় ক্ষুদে জান্নাতুল মাওয়ার এমন প্রতিভায় বিস্মিত অনেকেই।

 

জান্নাতুল মাওয়ার জন্ম ২০১৬ সালের ৩ নভেম্বর। রংপুর নগরীর কটকিপাড়ায় তাদের বসবাস। দেড় বছর আগে রংপুরে ‘কিশোর আলো’ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীর পুরুষ’ কবিতা আবৃতি করে দর্শক মাতানো এই ক্ষুদে মাওয়ার নখদর্পণে এখন শামসুর রাহমানের স্বাধীনতা তুমি, কাজী নজরুল ইসলামের মানুষ, লিচু চোর, নারী, মিথ্যাবাদী, খুকী, কাঠবিড়ালি, রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ, প্রশ্ন, সোনার তরী, ছুটি, সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো, আমি কারও রক্ত চাইতে আসিনি, পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, সুকান্তের ছাড়পত্র, সুকুমার রায়ের বিষম চিন্তা, ভুতুড়ে খেলা, ভয় পেও না, ভালো রে ভালো, আবল তাবল, গোঁফ চুরি, জীবনের হিসাব, সৎপাত্র, আবু হেনা মোস্তফা কামালের ছবি, আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে, অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন, কালীপ্রসন্ন ঘোষের কাজলা দিদি, সুফিয়া কামালের মুজিব মৃত্যুঞ্জয়ী, আনিসুল হকের ৩২ নম্বর মেঘের ওপারে বাড়ি, হাসান মনিরের রাসেল কান্না শুনতে পায়, তপন বাগচীর জন্মদিনের শুভেচ্ছাসহ দেশবরেণ্য ৩০-৩৫ জন কবি-সাহিত্যিক ও ছড়াকারের শতাধিক কবিতা এবং ছড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *