‘হাঙ্গেরিকে করোনা টিকা দেবে বাংলাদেশ, বলিভিয়াও চেয়েছে’

নজর২৪, ঢাকা- বাংলাদেশের কাছে ইউরোপের দেশ হাঙ্গেরি ও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া করোনার টিকা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। এসময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন।

 

পৃথিবীতে মাত্র ২২টি দেশ ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম জানিয়ে শাহরিয়ার আলম বলেন, হাঙ্গেরি আমাদের কাছে আবেদন করেছে ৫ হাজার ডোজ ভ্যাকসিনের। প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। আমাদের স্টক থেকে ৫ হাজার ভ্যাকসিন হাঙ্গরির ভাই-বোনদের বন্ধুদের জন্য পাঠিয়ে দেব।

 

এছাড়া বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে। সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

 

ভ্যাকসিন নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। বিএনপি-জামায়াতের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করার সময় এসেছে। ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছেন তারা।

 

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এতো কথা বলছেন বিরোধী দল তা বলা ঠিক হবে না। একসময় অপরাজনীতি যারা কায়েম করেছেন; সেই বিএনপি-জামাতের কিছু নেতার বক্তব্য শুনতে পাই। তাদের (বিএনপি-জামায়াত) বিরুদ্ধে গুজব বিরোধী আইন প্রয়োগের সময় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *